নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে অভিযোগ ও পরবর্তীতে সেটা মন্ত্রণালয়ের কমিটির তদন্ত করতে আসা নিয়ে খোলামেলা কথা বললেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘আমার দুটি শিশু সন্তানের মাথায় হাত রেখে বলতে চাই নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করপোরেশনের সাথে আমার এক টাকারও সম্পর্ক নাই। আমি হারামের এক পয়সাও ধরি না। আমি অত্যন্ত সৎভাবে জীবন যাপন করি।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি একজন নারী বলে আমাকে বিভিন্ন ভাবে আত্মসম্মানে পর্যন্ত আঘাত করা হচ্ছে। কিন্তু আমি কিছুতেই দমবো না। আমি নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন করেই যাবো।’
মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী আর সেভেন মার্ডারের সঙ্গে কারা জড়িত সেসব বলে দেয়ার কারণেই আমার বিরুদ্ধে দুর্নীতির তিলক এঁটে দেয়ার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের মানুষকে সত্য কথা বলার জন্য আমি যেভাবে জাগিয়ে তুলেছি এতে আমার যদি জেলও হয়, আমার প্রতি যদি দুর্ভোগ নেমে আসে তাহলেও আমি পিছপা হবো না।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি মেয়র এসব কথা বলেন।
মেয়র আইভী প্রশ্ন তুলে বলেন, ‘আমার অপরাধ কী ? আমার বিরুদ্ধে অপপ্রচার তা জানেন কেউ? আমার অপরাধ আমি এ ছোট বাচ্চা ত্বকী হত্যার বিচার কেন চেয়েছি। ত্বকী হত্যারকারীদের নাম আমি স্পষ্ট ভাবে বলে দিয়েছি। আমার অপরাধ সেভেন মার্ডার কারা ঘটিয়েছে তাদের নাম বলে দিয়েছি। আমি নারায়ণগঞ্জ শহরের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। আমি যা বলি স্পষ্টভাবে বলি। আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি।’
নারায়ণগঞ্জ সিটি মেয়র আরো বলেন, ‘আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না এবং এ ফ্যামেলির ভয় কারো নেই। আমার বাবাও এভাবে অসংখ্য প্রতিকূলতার মধ্যে নারায়ণগঞ্জে নেতৃত্ব দিয়েছে। আমিও ঠিক তদরুপ ভাবে কাজ করছি। আমি জানি ইনশাল্লাহ সত্য যতই কঠিনই হোক, সত্য প্রতিষ্ঠিত হবেই। আমার জন্য কিছু করতে হবে না, মিটিং মিছিল কিছুই করতে হবে না। শুধুমাত্র ঘরে বসে দোয়া করবেন। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি সত্যের পথে আছি, থাকবো।’
এসময় তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পিএসসিতে জিপিএ-৫ পাওয়া, বৃত্তি পাওয়া ও জেলা কিন্ডার গার্টেন ভিত্তিসহ মোট ১৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুন নেছা বিথি, সিনিয়র শিক্ষক-শিক্ষিকা গুলশান আরা শাহীন, সুকুমার রায়, গঙ্গা বিশ্বাস, তামান্না ইসলাম, রেখা দাস, মুনমুনসহ অন্যান শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী অভিভাবকেরা।

0 comments :

Post a Comment