কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যারা নাটক-উপন্যাসে যুদ্ধ করেছেন এখন তারাই মুক্তিযুদ্ধের জিম্মাদার সেজেছেন, আমরা যারা বনে-বাদারে যুদ্ধ করেছি তারা এখন ‘রাজাকার’ হয়ে গেছি।
অবস্থান কর্মসূচির ৫৭ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে বঙ্গবীর আজ বুধবার একথা বলেন। 
বঙ্গবীর আরো বলেন, পাকিস্তানী শাসকরা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করেছিল বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল, বর্তমান সরকারও দেশের মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনিক শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। তিনি আরো বলেন, একাত্তরে আমরা সবাই ছিলাম বাঙ্গালি মুক্তিযোদ্ধা আর এখন কেউ আওয়ামী মুক্তিযোদ্ধা আবার কেউ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসে এবং বেগম খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে দেশ ও মানুষ বাঁচানোর দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম মতিঝিলের ফুটপাথে অবস্থান চালিয়ে যাচ্ছেন। 
কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ তার সাথে অবস্থান করছেন। 
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আজ এক আলোচনা সভা মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে হবে। সভায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। অপরদিকে আগামী ২৮ মার্চ শনিবার বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের অবস্থান কর্মসূচির ৬০দিন পূর্ণ হবে। যে সব দেশবরেণ্য ব্যক্তি কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন এবং যারা নানা কারণে আসতে না পারলেও কর্মসূচির সাফল্য কামনা করেছেন তাদের নিয়ে এদিন সকাল ১১টায় দলীয় কার্যালয়ের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

0 comments :

Post a Comment