![]() |
| প্রথমবারের মত স্বপ্নের বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ড !! |
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এর প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সাউথ আফ্রিকাকে চার উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। জমজমাট ম্যাচে ৪৩ ওভারে ২৯৮ রানের লক্ষ্যে এক বল বাকি থাকতেই পৌছায় ব্ল্যাক ক্যাপস। ৭৩ বলে অপরাজিত ৮৪ রান করে ম্যাচসেরা হয়েছেন গ্র্যান্ট এলিয়ট।
দুটো দলের বিশ্বকাপ অভিযানের পরিণতি যেয়ে দাঁড়ালো শেষ ওভারে। সারাদিন ক্রিকেট যুদ্ধে মেতে থাকা সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ভাগ্য নির্ধারন হল ছয় বলে। অবশ্য ডেল স্টেইনের করা ঐ ওভারের এক বল খরচই করলেন না গ্র্যান্ট এলিয়ট। পাঁচ নম্বর বলেই নিশ্চিত হল নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল।
চরমতম এই ক্লাইম্যাক্সের আগে, অবশ্য পুরো দিনই দুই দল লড়েছে সমানে সমান। টস জিতে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা ইডেন পার্কে শুরু করে ধীরে চল নীতিতে। ডি কক ও হাশিম আমলা আউট হয়ে গেলেও, দলকে শক্ত কোন অবলম্বন দিয়ে যেতে পারেননি।
মিডল অর্ডারের শক্তি ও সামর্থ্যের ওপরে ভরসা ছিলো প্রোটিয়াদের। সেখান থেকে তারা পেয়ে যায় বড় সংগ্রহের জ্বালানী। মাঝে বৃষ্টির ব্যাঘাতে ম্যাচ ছোট হয়ে আসলেও, দু প্লেসি, ভিলিয়ার্স ও মিলারের ব্যাটে নিউজিল্যান্ডের সামনে বেশ বড় লক্ষ্যই দাঁড় করায় সাউথ আফ্রিকা। বৃষ্টি আইনের মারপ্যাঁচে আরও বড় হয় টার্গেট।
বিপক্ষের বিশ্বসেরা পেস অ্যাটাকের সামনে সাতের কাছাকাছি আস্কিং রেট…কাজটা বেশ দূরহ ছিলো নিউজিল্যান্ডের সামনে। তবে ব্ল্যাক ক্যাপদের দলে ছিলেন একজন ব্রেন্ডন ম্যাককালাম। পুরো টুর্নামেন্টে যেমন খেলেছেন সেমিতেও খেললেন তেমন। স্টেইন, মর্কেল, ফিল্যান্ডারদের পাত্তা না দিয়ে দারুন একটা সূচনা দিয়ে গেলেন দলকে।
তার পরপরই ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা। কিউই ক্যাপ্টেনের পর তারা তুলে নেয় কেন উইলিয়ামসনকে। ইনফর্ম মার্টিন গাপটিলও বিদায় নেন কাছাকাছি সময়ে। বিদায় নেবার শঙ্কায় তখন পুরো নিউজিল্যান্ড।
তবে লম্বা ব্যাটিং লাইনআপের ফায়দাটা স্বাগতিক দল পেল গুরুত্বপূর্ন ম্যাচে। কোরে অ্যান্ডারসন খেললেন একশোর বেশী স্ট্রাইক রেটে ৫৮ রানের ইনিংস। ম্যাচে ফেরালেন দলকে।
তবে বিশ্বসেরা তারকাদের ভিড়ে ম্যাচের নায়ক বনে গেলেন অন্য একজন, গ্র্যান্ট এলিয়ট। নির্বাচকদের সুনজরের পড়েই বিশ্বকাপ খেলছেন এমন তকমা মুছে ফেলার মোক্ষম মঞ্চ বেছে নিয়েছিলেন তিনি। স্নায়ু শীতল রেখে ম্যাচ বের করে দিলেন নিউজিল্যান্ডকে।
তৃতীয় বারের মত সেমি থেকে বিদায় নিলো সাউথ আফ্রিকা। আর সাতবারের চেষ্টায় বিশ্বসেরা হবার ম্যাচে পৌছাল নিউজিল্যান্ড।
6:43 PM
Writer

Posted in